স্পোর্টস ডেস্ক, ক্রাইম ক্রনিকল
রিয়াদ ডার্বিকে ঘিরে উৎসবের সব প্রস্তুতিই সম্পন্ন ছিল। সাত বছরের শিরোপা খরা কাটানোর আশায় সৌদি আরবের আল আউয়াল পার্ক স্টেডিয়াম পরিণত হয়েছিল হলুদ সমুদ্রে। সমর্থকদের বিনামূল্যে জার্সি বিতরণ করে উৎসবের আবহ তৈরি করেছিল আল নাসের কর্তৃপক্ষ। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সেই আনন্দ থমকে যায়।

সৌদি প্রো লিগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও পূর্ণ তিন পয়েন্ট পায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর দল। শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোর আত্মঘাতী গোলে ১-১ সমতায় শেষ হয় বহুল প্রতীক্ষিত রিয়াদ ডার্বি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসের। প্রথমার্ধে ফরাসি ডিফেন্ডার মোহাম্মদ সিমাকানের গোলে এগিয়ে যায় দলটি। সেই গোলেই দীর্ঘ সময় এগিয়ে ছিল রোনালদোরা। স্টেডিয়ামে তখন শুরু হয়ে গিয়েছিল সম্ভাব্য শিরোপা উৎসবের প্রস্তুতি।

তবে নির্ধারিত সময়ের শেষ দিকে ঘটে নাটকীয়তা। রেফারির শেষ বাঁশির আগ মুহূর্তে গোলরক্ষক বেন্তোর দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। ৮৩ মিনিটে মাঠ ছেড়ে যাওয়া অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর চোখেমুখেও ছিল তীব্র হতাশার ছাপ।
২০২৩ সালের জানুয়ারিতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রেকর্ড অঙ্কের চুক্তিতে আল নাসেরে যোগ দেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। তবে এখন পর্যন্ত সৌদি ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি তার। এবার সেই অপেক্ষা ঘোচানোর সুযোগ এসেছে একেবারে হাতের নাগালে।
লিগ শিরোপা নিশ্চিত করতে এখন শেষ ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে আল নাসেরকে। আগামী ২১ মে লিগের ১৫তম স্থানে থাকা দামাকানের বিপক্ষে জয় পেলেই বহু প্রতীক্ষিত ১১তম সৌদি প্রো লিগ শিরোপা ঘরে তুলতে পারবে রোনালদোর দল।
ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে রোনালদো বলেন, “স্বপ্ন এখন খুব কাছেই। আর মাত্র একটি পদক্ষেপ বাকি।” পাশাপাশি পুরো মৌসুমে সমর্থন দিয়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।