স্টাফ রিপোর্টার, ক্রাইম ক্রনিকল
কোরবানির ঈদকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি গরুর বেচাকেনা জমে উঠেছে। তবে এর মধ্যেই গরুর হাটে সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র ‘মলম পার্টি’। ইতিমধ্যে দুই গরু বিক্রেতার কাছ থেকে মোট ২ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারপাড়া এলাকার গরু বিক্রেতা চলিমুল্লাহ গরু বিক্রির ৬১ হাজার টাকা নিয়ে প্রতারকদের খপ্পরে পড়েন। পরে তাঁকে শারীরিকভাবে দুর্বল অবস্থায় হাটে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাঁকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ছাড়া আরেক খামারি গরু বিক্রির ৬৬ হাজার টাকা হাতে পাওয়ার পর একই চক্রের খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন।
খামারি ও ব্যবসায়ীদের অভিযোগ, ঈদকে ঘিরে হাট ও যাতায়াতপথে ‘মলম পার্টি’ সক্রিয় হয়ে উঠেছে। প্রতারকরা যাত্রী সেজে ব্যবসায়ীদের সঙ্গে মিশে চেতনানাশক মলম বা রাসায়নিক ব্যবহার করে টাকা হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তবে পুলিশ বিষয়টি নজরদারিতে রেখেছে এবং হাট এলাকায় টহল জোরদার করা হয়েছে।