নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি মক্তবের ভেতরে ১০ ও ৬ বছর বয়সী দুই সহোদর বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুল বাতেন। তিনি খুলশী আবহাওয়া অফিস সংলগ্ন রেললাইনের পাশের একটি মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক।
ভুক্তভোগী শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে। শনিবার (২৩ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুদের খালা জানান, প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই মক্তবে পড়ানো হতো। শুক্রবার সকালে অন্য কোনো শিক্ষার্থী মক্তবে যায়নি। তবে শিক্ষক আব্দুল বাতেন ওই দুই বোনকে ডেকে নিয়ে যান। সকাল সাড়ে ৮টা বেজে গেলেও শিশুরা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের মনে সন্দেহ জাগে।
পরবর্তীতে মক্তবে গিয়ে দেখা যায়, একটি রুমের ভেতর শিশুদের আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। শিশুদের উদ্ধার করার পর তারা জানায়, হুজুর তাদের জন্য নাস্তা আনতে গেছেন।

সম্প্রতি নগরের বাকলিয়া এলাকায় ঘটে যাওয়া অন্য একটি ঘটনার কথা উল্লেখ করে শিশুর খালা বলেন, "বাকলিয়ার ঘটনার পর থেকেই আমাদের মনে সন্দেহ দানা বাঁধছিল। সারাদিন ওই শিশুদের কাছে জানতে চাওয়া হলেও ভয়ে তারা প্রথমে কিছু বলেনি। পরে রাতের দিকে এক শিশুর কথায় শিক্ষকের ‘খারাপ স্পর্শের’ বিষয়টি উঠে আসে।"

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক আব্দুল বাতেনের বাড়ি কুমিল্লায়। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সুবাদে এই এলাকায় বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের প্রেক্ষিতে এই শিক্ষক নিজেই এলাকাবাসীকে শরীয়া আইনের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং এলাকায় প্রচার চালিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক আব্দুল বাতেনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, "অভিযোগটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্ত ও ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছিল এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

একই দিনে নগরীর বায়েজিদ, আগ্রাবাদ এলাকায় তিন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে এবং দুইজনকে গ্রেপ্তার ও করা হয়।