নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি বাংলাদেশের অভ্যন্তরে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
নিহত ব্যক্তিরা হলেন অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) ও চপোচিং তঞ্চঙ্গ্যা (৩৫)। তাঁরা সবাই ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়ার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি জমিতে কৃষিকাজ করার সময় একটি বিস্ফোরণে প্রথমে একজন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করতে গেলে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উদ্ধারে যাওয়া অপর দুজন আহত হন। পরে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা আরো জানান, বিস্ফোরণে তিনজনেরই শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।