ক‍্যাম্পাস প্রতিনিধি, ঢাবি। ক্রাইম ক্রনিকল। 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবন ও সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের ৫-৬ জন শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে হল ছাত্রদলের বিরুদ্ধে। বিগত আওয়ামী আমলে শিক্ষার্থীদের বিভিন্ন ট‍্যাগে নির্যাতনের ঘটনা ছিলো নিত‍্যনৈমিত্তিক ঘটনা। সেই ধারাবাহিকতা ইন্টেরিমের আমল হয়ে এখন যেনো নতুন মাত্রা পেয়েছে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশেও এমন ঘটনা শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক বার্তা দিচ্ছে। 


 ৯ মে রাত আনুমানিক ১১ টার দিকে রবীন্দ্র ভবন ও সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনে উক্ত নির্যাতনের ঘটনা ঘটে।  ভুক্তভোগীদের একজন ক্রাইম ক্রনিকলের ক‍্যাম্পাস প্রতিনিধির সাথে যোগাযোগ করে বিস্তারিত জানান। বিগত আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলো এই অভিযোগে একত্রে ২০-২৫ জনের একটা গ্রুপ উক্ত শিক্ষার্থীদের রুমে ঢুকে সিটের সবকিছু ফেলে দেয় এবং এদের কয়েকজন শারীরিক আঘাত করে। ক্রাইম ক্রনিকলের প্রতিনিধি অপর এক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করলে তিনিও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে ভুক্তভোগীকে ভীত মনে হয়। যেহেতু নির্যাতনকারী শিক্ষার্থীরা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত তাই ভুক্তভোগী উক্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তাদের উপর আরো নির্যাতন হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।


ভুক্তভোগীর কক্ষের ছবি। সংগৃহীত 


ভুক্তভোগী ক্রাইম ক্রনিকলের প্রতিনিধিকে জানিয়েছেন- উক্ত ঘটনা হল প্রভোস্ট অবগত, তবে কোনো এক অদৃশ্য শক্তির কারণে ঘটনাটি প্রকাশ্যে আসতে পারছেনা। ৪৮ ঘন্টার মধ্যে উক্ত ঘটনায় হল প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবেন এমন আশ্বাস দেওয়া হয়েছে।