স্টাফ রিপোর্টার, ক্রাইম ক্রনিকল
কোরবানির ঈদ সামনে এলেই দেশে বড় গরু, বিরল জাতের পশু কিংবা অদ্ভুত নামের কোরবানির পশু নিয়ে আলোচনা শুরু হয়। তবে এবার সেই আলোচনা ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে নারায়ণগঞ্জের কয়েকটি ‘ভাইরাল’ মহিষ। কারও নাম ‘ডোনাল্ড ট্রাম্প’, কারও ‘নেতানিয়াহু’, আবার নেটিজেনদের দেওয়া নাম ‘মোদি মহিষ’। অন্যদিকে সিরাজগঞ্জে ২০ লাখ টাকায় বিক্রি হওয়া ‘সুপারস্টার’ নামের বিশাল গরুও আলোচনায় এসেছে।
সব মিলিয়ে এবারের কোরবানির বাজারে পশু শুধু বিক্রির জন্য নয়, অনেক ক্ষেত্রে হয়ে উঠেছে দর্শনার্থীদের বিনোদন ও কৌতূহলের কেন্দ্র।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, গোলাপি আভাযুক্ত অ্যালবিনো জাতের একটি মহিষকে ঘিরে উৎসুক মানুষের ভিড়। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটির মাথার সামনের ঢেউখেলানো সোনালি চুলের কারণে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, “মহিষটির মাথার চুল অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় মজা করে এই নাম রাখা হয়েছে। দেখতে আকর্ষণীয় হলেও স্বভাবে খুব শান্ত।”
তিনি জানান, এক বছর আগে রাজশাহী থেকে মহিষটি কেনা হয়। এরপর বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী খাবার, গোসল ও পরিচর্যা করা হয়। ইতিমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় এটি বিক্রি হয়েছে।
এই মহিষটিকে ঘিরে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এমনকি ভারতের টাইমস অব ইন্ডিয়া-তেও জায়গা পেয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।
রাশিয়ায় অবস্থিত রাশিয়ায় ইরানের দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে রসিকতাও করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
তবে আলোচনায় শুধু ট্রাম্প মহিষই নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ‘মোদি মহিষ’ নামের আরেকটি মহিষ। খামার কর্তৃপক্ষ বলছে, তারা আনুষ্ঠানিকভাবে এমন নাম দেয়নি। তবে মহিষটির লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র মিল খুঁজে নেটিজেনরাই নামটি ছড়িয়ে দেন।
খামার সূত্রে জানা গেছে, এটি ‘নীলি রাভী’ জাতের মহিষ। পাকিস্তান ও ভারতের পাঞ্জাব অঞ্চলে উৎপত্তি হওয়া এই জাত মূলত উচ্চ দুধ উৎপাদনের জন্য পরিচিত। মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি এবং সেটিও ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।

মোদী ও নেতানিয়াহু মহিষ। ছবি: সংগৃহীত
এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি খামারে আলোচনায় এসেছে ‘নেতানিয়াহু’ নামের আরেকটি অ্যালবিনো মহিষ। প্রায় ৭৬০ কেজি ওজনের এই মহিষটির আচরণ নাকি বেশ খ্যাপাটে। খামারের কর্মীরা জানান, খাবার দিতে গেলেও এটি গুঁতো দেয় এবং অস্থির আচরণ করে। সেই আচরণ ও চেহারার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর মিল খুঁজে এমন নাম দেওয়া হয়েছে।
অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘সুপারস্টার’ নামের একটি বিশাল আকৃতির গরু ২০ লাখ টাকায় বিক্রি হয়ে আলোচনায় আসে। প্রায় এক হাজার কেজির বেশি ওজনের ব্রাহামা ক্রস জাতের গরুটি সাড়ে তিন বছর ধরে লালন-পালন করেন খামারি মেহেদী হাসান।

সিরাজগঞ্জের শাহজাদপুরের গরু সুপারস্টার। ছবি: সংগৃহীত
গরুটি বিক্রির পর লাল কাপড়, গলার মালা ও ঘণ্টা দিয়ে সাজিয়ে পুরো এলাকায় ঘুরিয়ে দেখান তিনি। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল।
খামারি মেহেদী হাসান বলেন, “চার মাস বয়সে গরুটি কিনেছিলাম। নিজের সন্তানের মতো যত্ন করে বড় করেছি। বিক্রি হয়ে যাওয়ার পরও মায়া কাটছে না।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এবার কোরবানির ঈদে চাহিদার তুলনায় পশুর সরবরাহ বেশি রয়েছে। একই সঙ্গে ভাইরাল পশুগুলো মানুষের আগ্রহ বাড়িয়ে তুলেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “খামারিরা নিজেদের আগ্রহ থেকেই পশুর এমন ব্যতিক্রমী নাম রাখছেন। তবে এসব পশু ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে, এটাও সত্য।”
কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে এসব পশুর ছবি ও ভিডিও। কেউ দেখতে যাচ্ছেন ‘ট্রাম্প’ মহিষ, কেউ ‘মোদি’, আবার কেউ খুঁজছেন ‘নেতানিয়াহু’। আর এই ভিড় ও আলোচনা যেন প্রমাণ করছে—এবারের কোরবানির বাজারে পশু শুধু কোরবানির জন্য নয়, হয়ে উঠেছে একেকটি আলাদা আকর্ষণ।