ক্রাইম ক্রনিকল ডেস্ক।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে আমঝোল এলাকার বনচৌকি সীমান্তের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খাদেমুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে দিকে খাদেমুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬ এস সংলগ্ন এলাকার পাশ দিয়ে সীমান্তে যান। তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।
স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে সীমান্ত এলাকা থেকে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রংপুরের নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পতাকা বৈঠকের প্রস্তুতি চলমান রয়েছে।