নিজস্ব প্রতিনিধি, ক্রাইম ক্রনিকল
ভারতে থাকা বোনের বাড়িতে বিয়ের দাওয়াতের কার্ড পৌঁছে দিতে গিয়ে সীমান্ত পেরিয়ে আটক হন এক বাংলাদেশি নাগরিক। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে একদিন পর তাকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত আসা ওই ব্যক্তির নাম আতাউস সামাদ আতু (৪৪)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আতাউস সামাদ। তাঁর উদ্দেশ্য ছিল ভারতে থাকা বোনের বাড়িতে বিয়ের দাওয়াতের কার্ড পৌঁছে দেওয়া। তবে সেখানে পৌঁছানোর পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে আটক করে।
পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। শনিবার বিকেলে সীমান্ত এলাকায় দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি সদস্যরা তাকে হিলি থানায় নিয়ে যায়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আতাউস সামাদকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।