স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে ১২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। ছবি সংগৃহীত।
অভিযোগে বলা হয়, একটি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করা হয়েছে। অভিযোগপত্রটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও সচেতন মহল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
তবে মুনসী শামস উদ্দিন আহম্মদ অভিযোগটি অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।