স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল
গতকাল, ২২ মে ২০২৬ এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী ঝিনাইদহ জেলার পুরাতন ডিসি কোর্ট এলাকার মসজিদে জুমা শেষে নেতাকর্মীদের সাথে মসজিদ থেকে বের হওয়ার সময় তার উপর ডিমে নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইবি ছাত্রদলের নেতা শাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে কথা বলতে যান। এক পর্যায়ে শাহেদ আহম্মেদের পেছন দিক থেকে কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

ডিম নিক্ষেপ ও হামলার শিকার নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি সংগৃহীত।
এসময় এনসিপি নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এবং হেলমেট পরিয়ে দেন, এবং অভিযোগ করেন ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়েছে। পরে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও পাল্টাপাল্টি স্লোগানে জড়িয়ে পড়ে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাকর্মী ও জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এই ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি–সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আজ শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় হওয়া মামলায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। এনসিপির নেতা তারেক রেজা বাদী হয়ে এই মামলা করেন।
অভিযোগ অস্বীকার করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। তারা বলছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিভিন্ন কুরুচীপূর্ণ বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করেছে।
তবে ঘটনার একটি ভিডিও ফুটেজে এক যুবককে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরতেও দেখা গেছে। আরেক যুবককে অস্ত্রটি লুকিয়ে ফেলতে দেখা যায়। স্থানীয়রা জানান, দুই যুবকের একজনের নাম আশিক, আরেকজনের নাম সিয়াম উদ্দিন। দুজনই নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুসারী। উক্ত ঘটনায় অস্ত্রধারী দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। যেখানে তিনি পাটোয়ারীর সঙ্গে থাকা দুজন ‘শিবিরের সন্ত্রাসী’ সাধারণ জনতার উদ্দেশ্যে গুলি করার চেষ্টা করেছে বলেও অভিযোগ তুলেন।
তবে এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নেতা আমানুল্লাহ আমান এক সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন।
তিনি মন্তব্য করেন,"শয়তানকে তো পাথর নিক্ষেপ করার কথা, ডিম কেন নিক্ষেপ করল সেটি সাধারণ মানুষ বুঝবে"
এই মন্তব্য করে তিনি বলেন, " আমি মনে করি সেটি সাধারণ মানুষের মাধ্যমে হয়েছে, এতে ছাত্রদল যুবদলের কোন প্রকার সম্পৃক্ততা নেই। "
তিনি ছাত্রদল - যুবদলের কোন প্রকার সম্পৃক্ততা নেই দাবি করলে ও এই হামলাকে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি করে বৈধ প্রমাণের চেষ্টা করেছেন, এবং ডিম নিক্ষেপের পরিবর্তে পাথর নিক্ষেপ করার যৌক্তিকতা তুলে ধরেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকে আমানুল্লাহ আমান এর এমন বক্তব্যকে হামলার দায় স্বীকার এবং অনৈতিক আক্ষেপ বলে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনপিপির নেতাকর্মীরা।