স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের পর, এবার সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহেরিন আমিন ভূঁইয়া (মোনামি)। 


সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান। 


নিজের পোস্টে তিনি লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”


পোস্টে মোনামি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার স্বপ্ন থেকেই তিনি দায়িত্বটি নিয়েছিলেন বলে উল্লেখ করেন। 


তিনি লেখেন, "আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!"


তিনি আরও লেখেন, জুলাই আন্দোলন ও পরবর্তী সময় ছিল অত্যন্ত কঠিন এবং অভূতপূর্ব অভিজ্ঞতা। এমন পরিস্থিতির মুখোমুখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টরিয়াল টিম হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের নেতৃত্ব, ধৈর্য ও শিক্ষার্থীবান্ধব আচরণের প্রশংসা করেন মোনামি। 


পোস্টের শেষাংশে নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, নিজের টিম এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদের নেতৃত্বে কাজ করা ছিল তার জন্য “পরম সম্মানের”।


তার বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক ছাত্র রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এসব অভিযোগে বলা হয়, তিনি বিভিন্ন সময়ে ছাত্রশিবির ও জামায়াত ইসলামের ন্যারেটিভ নির্মাণে ব্যাপক ভূমিকা রাখেন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড করতে দেখা যায়। যেখানে বিএনপি ছাত্রদল বাম ছাত্রসংগঠন জুলাইয়ে অগ্রগামী ভূমিকায় ছিলো, সেখানে মোনামী ম্যাডামদের মত শিক্ষকরা ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনকে কোনঠাসা করতে যারপরনাই তৎপর ছিলেন। অনেকে তাদেরকে ডিপ স্টেটের দ্বারা প্রভাবিত বলে মনে করেন।


এ ছাড়া একটি দায়িত্বশীল প্রশাসনিক পদে থেকে পক্ষপাতিত্বের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে এবং এ নিয়ে বিভিন্ন মহলে বিরূপ মন্তব্যও দেখা গেছে।

ছাত্রদলের পক্ষ থেকেও ডাকসু নির্বাচনের সময় তার বিরুদ্ধে ছাত্রশিবিরকে সহযোগিতার অভিযোগ তোলা হয়।


উল্লেখ্য, এর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেন। বর্তমানে চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (রতন) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।