স্পোর্টস ডেস্ক, ক্রাইম ক্রনিকল
ইউরোপীয় ফুটবলের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে ঘটে যাওয়া এক সংঘর্ষের ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা–এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের দুই তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভ্যালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনের সময় একটি বিষয়কে কেন্দ্র করে প্রথমে দুই ফুটবলারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেই উত্তেজনা ড্রেসিংরুম পর্যন্ত গড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে সতীর্থ ও কোচিং স্টাফের সদস্যরা এগিয়ে এসে তাদের আলাদা করেন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, সংঘর্ষে ভ্যালভার্দে মাথায় আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, তার মাথায় সেলাই দিতে হয়েছে এবং চিকিৎসকেরা তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ভ্যালভার্দে। তিনি জানান, ঘটনাটি যেভাবে প্রচার করা হচ্ছে বাস্তবতা ততটা ভয়াবহ নয়। তার ভাষ্য, “কেউ একজন ইচ্ছাকৃতভাবে দ্রুত এসব খবর ছড়িয়ে দিচ্ছে।” একইসঙ্গে তিনি সরাসরি মারামারির অভিযোগ অস্বীকার করেন।
অন্যদিকে চুয়ামেনিও স্বীকার করেন যে খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে তিনি দাবি করেন, ঘটনাটিকে অতিরঞ্জিত করা হয়েছে এবং অনেক তথ্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
এ ঘটনার পর স্প্যানিশ ফুটবল অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ–এর ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। ফুটবল বিশ্লেষকদের অনেকে মনে করছেন, দলের অভ্যন্তরীণ চাপ ও সাম্প্রতিক পারফরম্যান্সের হতাশা থেকেই এই উত্তেজনার সৃষ্টি হতে পারে।
পরবর্তীতে ক্লাব কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তদন্ত শেষে দুই ফুটবলারের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও তাদের মাঠের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তবে ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্থিক জরিমানা করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি রিয়াল মাদ্রিদ। তবে ফুটবল বিশ্বে এটি বর্তমানে অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।