আন্তর্জাতিক ডেস্ক, ক্রাইম ক্রনিকল


আজ, ১২ মে ভারতের তামিলনাডুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণেই আবেগঘন ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বার্তা দেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তিনি বলেন, “এটি শুধু সরকার পরিবর্তন নয়, এটি সামাজিক ন্যায়বিচার ও প্রকৃত ধর্মনিরপেক্ষতার নতুন সূচনা।”


রোববার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজার হাজার সমর্থকের সামনে বক্তব্য দেন তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর প্রধান বিজয়। দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে সাধারণ মানুষের ভোটে ক্ষমতায় আসাকে তিনি “জনগণের বিজয়” হিসেবে উল্লেখ করেন।


তিনি তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন,

“আপনারাই বলেছিলেন আমি রাজনীতিতে আসি। আপনারাই আজ আমাকে এই অবস্থানে এনেছেন।”

প্রসঙ্গত, তিনি আরও বলেন,

“আমি ঈশ্বরের পক্ষ থেকে কোনো দেবদূত নই। আমি খুব সাধারণ একজন মানুষ। কিন্তু যখন মানুষ আমার পাশে দাঁড়ায়, তখন আমি বিশ্বাস করতে শুরু করি—আমরা যেকোনো কিছুই অর্জন করতে পারি, যে বাধাই আসুক আমরা একসাথে মোকাবেলা করবো।”

প্রথম ভাষণে বিজয় আরও বলেন,

“আমি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান নই। আমি আপনাদের ভাইয়ের মতোই, আপনাদের মতোই একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমাকে এখানে এনেছে।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি জনগণকে আশ্বস্ত করেন যে তার সরকার হবে সাধারণ মানুষের সরকার।

তিনি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।


একইসাথে তিনি জোর দিয়ে বলেন,

“আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র। আমার বাইরে কোনো বিকল্প ক্ষমতার কেন্দ্র থাকবে না।”

এই বক্তব্যকে অনেকে বর্তমান প্রশাসনিক কাঠামোর মধ্যে কঠোর কেন্দ্রীভূত নেতৃত্বের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তিনি দীর্ঘদিনের প্রভাবশালী গোষ্ঠী, অবৈধ ক্ষমতার নেটওয়ার্ক ও মাফিয়া-সংযোগ ভাঙার বার্তা দিয়েছেন।

একই সঙ্গে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, তার সিদ্ধান্তসমূহ দল বা অন্য কোনো শক্তির দ্বারা প্রভাবিত হবে না—এই বার্তাও তিনি স্পষ্ট করেছেন।

রাজ্যে স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। ভাষণে বেকারত্ব, মাদক সমস্যা ও নারীর নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থা আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন নতুন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মাদকবিরোধী বিশেষ অভিযান চালুর কথাও জানান তিনি।

বিজয় আরও ঘোষণা দেন যে, তামিলনাডুর আর্থিক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরতে একটি “হোয়াইট পেপার” প্রকাশ করা হবে।


শপথ গ্রহণের পরপরই তিনি একাধিক গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, মাদকবিরোধী টাস্কফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ ইউনিট চালুর সিদ্ধান্ত।


উল্লেখ্য, স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হয়। মোট ৯ জন মন্ত্রীর সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

তামিলনাডুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের বিপরীতে তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) ১০৮ আসনে জয় পায়। পরে কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে ১২০ আসনের সমর্থন নিশ্চিত করে জোট সরকার গঠন করে তিনি মুখ্যমন্ত্রী হন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রিয় চলচ্চিত্র তারকা থেকে মুখ্যমন্ত্রী হওয়া বিজয়ের এই ভাষণ তার রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করেছে। বিশেষ করে তরুণ ভোটারদের উদ্দেশ্যে দেওয়া তার বার্তাগুলো ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।