নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে নো-ম্যানস ল্যান্ড থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় নিশ্চিত হয়েছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাবু চন্দ্র বর্মনের ছেলে।


বিজিবি জানিয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টায় সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করে বিজিবি এবং বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তার পরিবার বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরিচয় যাচাইয়ের পর নিশ্চিত হয় তিনি বাংলাদেশি।


এর আগে বুধবার সকাল থেকে ওই বৃদ্ধকে নিয়ে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একাধিক পতাকা বৈঠক হয়। প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে আটকে থাকার পর বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করা হয়।


বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন জানান, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তার স্বজনরা রাজশাহী থেকে রওনা দিয়েছেন। তারা আসার পর যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।