নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার একটি গলিতে চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, রাতে হেলমেটবিহীন এক যুবক তার 'ইয়ামাহা এফজেড ভার্সন ৩' মোটরসাইকেল চালিয়ে গলিতে ঢুকতেই আগে থেকে ওঁত পেতে থাকা এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। আঘাতে যুবক মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গী দুর্বৃত্ত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
মোটরসাইকেল নিয়ে সঙ্গী পালানোর পর পেছনে থাকা দুর্বৃত্ত 'ওপর থেকে ইট পড়েছে' বলে চিৎকার দিয়ে স্থানীয়দের ডেকে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর ভান করে। এই অভিনয়ে উপস্থিত মানুষ পুরো ঘটনাকে দুর্ঘটনা ভেবে বসেন। পরে ভিডিও ফুটেজ প্রকাশ পেলে আসল সত্য বেরিয়ে আসে।
কাফরুল থানার ওসি মো. সাজ্জাদ জানান, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পুলিশ তৎপর হয়ে রাতেই মোটরসাইকেলটি উদ্ধার করে, যা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি সুযোগসন্ধানী ছিনতাই নয়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা। জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং একাধিক পুলিশ টিম গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে।