স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর সিরিজে টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যেই মূল অধিনায়ক মিচেল মার্শকে দলে যুক্ত করতে যাচ্ছে সফরকারী দল।
চোটের কারণে এর আগে সিরিজের বাইরে রাখা হয় মিচেল মার্শকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তার পরিবর্তে দলের নেতৃত্ব দেন জশ ইংলিস। তবে ইংলিসের অধিনায়কত্বে প্রত্যাশিত ফল পায়নি অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৮৬ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটায় বাংলাদেশ। এর আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ও একমাত্র ওয়ানডে জয় পেয়েছিল টাইগাররা।
সিরিজে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া দ্রুত ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে। জানা গেছে, ৩৪ বছর বয়সী অলরাউন্ডার ও নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ আজ রাতেই বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।

অস্ট্রেলিয়ার সিরিজে ফেরার তাগিদ আরও স্পষ্ট হয়েছে তাদের প্রস্তুতিতে। দ্বিতীয় ওয়ানডের আগের দিন বিশ্রামে থাকার সুযোগ থাকলেও বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলনের জন্য মিরপুরে যান। তবে বিরূপ আবহাওয়ার কারণে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। টানা বৃষ্টিতে অনুশীলন সেশন ভেস্তে যায়।
এর আগে মার্শের শারীরিক অবস্থা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছিলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিচেল মার্শ আরও পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য পার্থে থাকবেন। বাংলাদেশ সফরে তিনি খেলতে পারবেন না বলেই ধারনা, তবে সে বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।”
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টসও মার্শের না খেলার বিষয়টি নিশ্চিত করেছিল।
এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারে কি না, সেদিকেই এখন ক্রিকেটপ্রেমীদের নজর। আর মার্শের প্রত্যাবর্তন সফরকারীদের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে।