স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন লামিন ইয়ামাল। ফুটবল গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরির সর্বশেষ মূল্যায়নে তাঁর বাজারমূল্য ধরা হয়েছে ৩৪৩ মিলিয়ন ইউরো, যা বর্তমানে বিশ্বের যেকোনো ফুটবলারের চেয়ে বেশি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ে জাতীয় দলের স্ট্রাইকার ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি–এর তারকা এরলিং হলান্ড (২৫৫ মিলিয়ন ইউরো)। তৃতীয় স্থানে আছেন ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ–এর ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (২০১ মিলিয়ন ইউরো)। চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের মিডফিল্ডার ও রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম (১৫৩ মিলিয়ন ইউরো)। পঞ্চম স্থানে আছেন ফ্রান্স জাতীয় দলের উইঙ্গার এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ–এর মাইকেল ওলিসে (১৩৭ মিলিয়ন ইউরো)।
তবে এই তালিকার শীর্ষে থাকা ইয়ামালের অর্জনের তালিকাও ঈর্ষণীয়। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় তাঁর। পরে তিনি লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন।

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে ইয়ামাল হয়ে ওঠেন স্পেনের শিরোপা জয়ের অন্যতম নায়ক। তিনি ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামেন, সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা হন এবং ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোল করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত তিনি জেতেন ‘ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার।
ক্লাব ফুটবলেও তাঁর সাফল্য কম নয়। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি তিনি ২০২৪ সালের মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বয়’ পুরস্কারও জিতেছেন।
সামনে ২০২৬ বিশ্বকাপ। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সবচেয়ে বড় তারকা হিসেবেই দেখা হচ্ছে ইয়ামালকে। ইউরোতে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স, বার্সেলোনার হয়ে ধারাবাহিক সাফল্য এবং অল্প বয়সেই বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তারের কারণে অনেকের মতে, এবারের বিশ্বকাপে স্পেনের শিরোপা স্বপ্নের অন্যতম প্রধান চালিকাশক্তি হতে পারেন এই বিস্ময়বালক। স্পেনের বিশ্বকাপ অভিযানের কেন্দ্রবিন্দুতেও রয়েছেন তিনি।
বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা পাওয়ার পর এখন সবার নজর এক জায়গায়—বিশ্বকাপের মঞ্চে লামিন ইয়ামাল কি স্পেনকে আবারও বিশ্বসেরার আসনে ফিরিয়ে নিতে পারবেন?