নিজস্ব প্রতিবেদক। ক্রাইম ক্রনিকল
মোবাইল ফোন সেবার ওপর আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক (এসডি) পুনর্বিবেচনার বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন মোবাইল সেবার ওপর বিদ্যমান করের বোঝা কমানোর দাবি তুলে ধরেন।
সম্পূরক প্রশ্নে আব্দুল্লাহ আল আমিন বলেন, বর্তমানে মোবাইল ফোন আর বিলাসপণ্য নয়; এটি মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। কিন্তু মোবাইল সেবার ওপর উচ্চহারে কর আরোপের কারণে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে।
তিনি দাবি করেন, ১০০ টাকা মোবাইল রিচার্জ করলে বিভিন্ন কর ও চার্জ বাবদ উল্লেখযোগ্য অংশ কেটে নেওয়া হয়। ফলে গ্রাহকরা প্রকৃতপক্ষে রিচার্জকৃত অর্থের তুলনায় অনেক কম মূল্যের সেবা ভোগ করেন। এ অবস্থায় মোবাইল সেবার ওপর আরোপিত ২০ শতাংশ সম্পূরক কর কমানো বা প্রত্যাহারের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে আরোপিত ২০ শতাংশ সম্পূরক কর পুনর্বিবেচনার বিষয়টি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেশের টেলিযোগাযোগ খাতে করের হার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। মোবাইল অপারেটর, খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভোক্তা অধিকারকর্মীরা বিভিন্ন সময়ে দাবি করে আসছেন, উচ্চ করহার ডিজিটাল সেবার বিস্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাদের মতে, করের বোঝা কমানো হলে মোবাইল ও ইন্টারনেট সেবার ব্যবহার আরও বাড়বে এবং সাধারণ গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন।
জাতীয় সংসদে মন্ত্রীর এ বক্তব্যের পর মোবাইল সেবার ওপর আরোপিত সম্পূরক কর কমানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।