রাবি প্রতিবেদক। ক্রাইম ক্রনিকল
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরে আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আয়েশা টাওয়ারের একটি কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিয়ে আমি ঘটনাস্থলেই আছি। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারছি না। পরে বিস্তারিত জানাব।”
এদিকে পুলিশ বলছে, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে ও আশপাশের এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।