স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল


বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে ঘিরে দুঃসংবাদই মিলছে একের পর এক। সর্বশেষ খবর অনুযায়ী, চোটের কারণে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না এই অভিজ্ঞ ফরোয়ার্ড।


ব্রাজিলিয়ান গণমাধ্যম ও আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর তথ্য বলছে, নকআউট পর্বের আগে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। হাইতির বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে এখনো দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি ৩৪ বছর বয়সী এই তারকা।




ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ আগে করানো মেডিকেল পরীক্ষার পর আবারও নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে নেইমারের। গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে (গ্রেড-টু) চোট পান তিনি। সেই চোট নিয়েই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও এখন পর্যন্ত দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি।


সোমবার নিউইয়র্ক রেড বুলস ট্রেনিং সেন্টারে তাকে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে। যদিও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো আনুষ্ঠানিকভাবে নতুন মেডিকেল রিপোর্ট প্রকাশ করেনি, তবে স্থানীয় গণমাধ্যমের দাবি—দলের মেডিকেল স্টাফরা নেইমারকে নকআউট পর্বকে লক্ষ্য করেই প্রস্তুত করছেন।


ফলে গ্রুপ ‘সি’-তে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে ব্রাজিলের এই পোস্টার বয়কে।


বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী শনিবার ভোর সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৫ জুন ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।


নেইমারের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, “নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহেই সে দলের সঙ্গে যোগ দিতে পারবে।”


দলের জন্য নেইমারের গুরুত্ব তুলে ধরে আনচেলত্তি আরও বলেন, “তার অসাধারণ টেকনিক্যাল দক্ষতা আমাদের বড় সম্পদ। শুধু মাঠের পারফরম্যান্স নয়, তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে তার অভিজ্ঞতা ও নেতৃত্বও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


এখন ব্রাজিল সমর্থকদের অপেক্ষা একটাই—কবে সুস্থ হয়ে বিশ্বকাপের মঞ্চে ফিরবেন তাদের সবচেয়ে বড় তারকা নেইমার।