স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন ১৬ জুন। ঠিক ২০ বছর আগে, ২০০৬ সালের এই দিনে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পা রাখেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার লিওনেল মেসি। তখন তার বয়স মাত্র ১৮ বছর।
জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ ফিফা বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচের ৭৪তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। বিশ্বকাপ অভিষেকের মাত্র ১৪ মিনিট পরই নিজের প্রথম বিশ্বকাপ গোল করেন তিনি। শুধু গোলই নয়, ম্যাচজুড়ে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ফুটবল বিশ্বকে জানান দেন এক নতুন তারকার আগমনের বার্তা।
সেদিন আর্জেন্টিনা ৬-০ গোলের বড় ব্যবধানে জয় পায়। ম্যাচটিতে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে মেসি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। সেই ম্যাচকেই অনেক বিশ্লেষক মেসির বিশ্বকাপ অধ্যায়ের প্রকৃত সূচনা হিসেবে বিবেচনা করেন।
দুই দশক পর আবারও ১৭ জুন। এবার ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামার অপেক্ষায় মেসি।
২০০৬ সালে যে কিশোর বিশ্বকাপে অভিষেক করেছিলেন, ২০২৬ সালে তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নতুন আরেকটি অধ্যায় লেখার সুযোগ পাচ্ছেন।
বিশ্বকাপে মেসির যাত্রা শুরু হয়েছিল গোল দিয়ে। ২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে প্রশ্ন একটাই—ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে কি আবারও কোনো স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা?
ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন সেদিকেই। ২০০৬ সালের সেই ১৪ মিনিটের জাদু আজও স্মরণীয়। আর ২০২৬ সালের ১৭জুন নতুন কোনো ইতিহাসের সাক্ষী হয় কি না, সেটিই দেখার অপেক্ষা।