স্টাফ রিপোর্টার । ক্রাইম ক্রনিকল 


বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ৭২৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।




বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-১০ অনুযায়ী ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন পাবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। চাকরি হবে পূর্ণকালীন ও স্থায়ী, কর্মস্থল দেশের যেকোনো স্থানে।


পদ বণ্টনে বাংলাদেশ কৃষি ব্যাংকে সর্বোচ্চ ৪৭১ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া রূপালী ব্যাংক পিএলসি-তে ৮০ জন, কর্মসংস্থান ব্যাংকে ৭২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৭ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-তে ১৬ জন, বেসিক ব্যাংক লিমিটেডে ১৩ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২ জন করে নিয়োগ দেওয়া হবে।


প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ এপ্রিল তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি ২০০ টাকা, যা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।


সূত্র: বাংলাদেশ ব্যাংক