স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন।
মঙ্গলবার সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিএমপির তথ্যমতে, খুলশী থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বায়েজিদ বোস্তামী ও কোতোয়ালী থানা থেকে ১২ জন করে, পাঁচলাইশ থানা থেকে ১০ জন, ডবলমুরিং থানা থেকে ৭ জন এবং ইপিজেড থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। কর্ণফুলী, বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানাসহ মহানগরের বিভিন্ন এলাকায়ও অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর থেকে দলটির সাংগঠনিক কার্যক্রম, মিছিল-সমাবেশ এবং রাজনৈতিক কর্মসূচি পরিচালনা বন্ধ রয়েছে।
সিএমপির ভাষ্য, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।