পঞ্চগড় প্রতিনিধি, ক্রাইম ক্রনিকল।
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামের দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা সদরের সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম সাতমেড়া ইউনিয়নের শিতলী হাসনা এলাকার জাকির হোসেনের ছেলে এবং রাজিব হোসেন লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনেই স্থানীয় একটি নুরানি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাহেবীজোত দশমাইল এলাকার একটি পুকুরে গোসল করতে নামে রহিম ও লাবিব। সাঁতার না জানার কারণে গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে ডুবন্ত অবস্থায় দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।
"তারা মাদ্রাসার হাফেজি শাখায় পড়ছিল। সাঁতার না জানার কারণে পুকুরের পাশে গোসল করার একপর্যায়ে তারা গভীরে তলিয়ে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।" — **রবিউল ইসলাম রবি**, চেয়ারম্যান, সাতমেড়া ইউপি।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।