ঠিকাদারি সিন্ডিকেট ও হাতবদল ঠেকাতে আইন সংশোধনের ইঙ্গিত এলজিআরডি মন্ত্রীর
স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ হাতবদল, ঠিকাদারি অনিয়ম এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন। এ ধরনের অনিয়ম রোধে সরকারি ক্রয়বিধি পর্যালোচনার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে আশরাফ উদ্দিন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনেক সময় অন্য জেলা বা বিভাগের বড় ঠিকাদাররা দরপত্রে কাজ পেলেও পরে তা স্থানীয় পর্যায়ে অন্যদের কাছে হস্তান্তর করে দেন। এতে একাধিক স্তরে কাজ হাতবদল হওয়ার কারণে প্রকল্পের মূল বাজেট কমে যায় এবং শেষ পর্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে।
তিনি আরও বলেন, বহিরাগত ঠিকাদারদের অনেকেরই স্থানীয় বাস্তবতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকে না এবং তারা নিয়মিত তদারকিও করেন না। ফলে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, রক্ষণাবেক্ষণে দুর্বলতা এবং কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। স্থানীয় যোগ্য ঠিকাদারদের সুযোগ বাড়ানো হলে তারা এলাকার প্রয়োজন ও জনস্বার্থ সম্পর্কে বেশি সচেতন থাকবেন বলেও মত দেন তিনি।
এর জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন প্রকল্পগুলো সরকারি ক্রয় আইন-২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী বাস্তবায়িত হয়। তিনি জানান, পাঁচ কোটি টাকা পর্যন্ত সীমিত দরপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ঠিকাদাররাই অংশ নিতে পারেন। তবে উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে দেশের যেকোনো অঞ্চলের ঠিকাদার অংশগ্রহণের সুযোগ পান।
মন্ত্রী বলেন, সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে বিদ্যমান ক্রয়বিধি পর্যালোচনার বিষয়টিও দেখা হবে।