স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
দেশের উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ ও সহজলভ্য করতে উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচিও সেই উদ্যোগের অংশ।
এ সময় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, সংসদ সদস্য ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের অনুষ্ঠানস্থলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।