স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ‘ভইরা-দে’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গ্যাংটির সক্রিয় সদস্য হিসেবে পরিচিত শিশির আহম্মেদ ইমন।
র্যাব-৪ জানায়, বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) এবং আল আমিন (২৫)।
র্যাব-৪-এর গণমাধ্যম শাখার কর্মকর্তা নুরাঙ্গীর নাহিদ বলেন, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এসব ঘটনার সঙ্গে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
তিনি জানান, গত ২৩ মে সন্ধ্যায় জাহিদ হাসান সুমন বিপ্লব ও তার ভাই হৃদয় গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পল্লবীর একটি মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে ইমনসহ ৭ থেকে ৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর ছায়া তদন্ত শুরু করা হয়। তদন্তে গ্যাংটির সদস্যদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন এবং নারীদের উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
নুরাঙ্গীর নাহিদ বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে সক্রিয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।