রাজনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সাবেক দল এনসিপিকে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন। ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে চলা আলোচনা টেনে তিনি প্রশ্ন তুলেছেন, তাঁকে যদি এমবাপ্পের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই গল্পে পিএসজি কে?
রোববার (৩১ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তাসনিম জারা দাবি করেন, এনসিপির কিছু সমর্থক তাঁকে ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করছেন। বিষয়টি তাঁকে বিস্মিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা ও ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
পোস্টে জারা লেখেন, ‘এনসিপির কিছু প্রিয় সমর্থক আমাকে নাকি ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন। স্বীকার করছি, আমি একটু অবাকই হয়েছিলাম। কয়েক মাস ধরেই তো এই একই লোকজন আমাকে নানা ভাবে হেয় করে আসছিল। হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে এলো? তাই ভাবলাম, তুলনাটা ঠিকমতো মিলিয়ে দেখি। এই গল্পে পিএসজি কে, আর রিয়াল মাদ্রিদই বা কে?’
এরপর তিনি এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান এবং নির্বাচনী ফলাফল নিয়ে মন্তব্য করেন। জারা বলেন, পিএসজির সঙ্গে এনসিপির তুলনা করা কঠিন। কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলে পিএসজি টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে, অথচ এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি থেকে সরে এসে জামায়াতের সঙ্গে জোট গঠন করেছে।
তিনি লেখেন, ‘এনসিপি কি পিএসজি? কিন্তু পিএসজি তো টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি ছেড়ে জামায়াতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে। সেই জোটের আসনসংখ্যাও এসেছে—বিএনপি ২০৯, জামায়াত ৬৮, আর এনসিপি মাত্র ৬টি আসন। একটি চ্যাম্পিয়ন দল আর একটি ছয় আসনের দলের মধ্যে তো খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না।’
পোস্টের শেষ অংশে তাসনিম জারা নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৯-এর ভোটারদের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁকে যদি এমবাপ্পে হিসেবে দেখা হয়, তাহলে হয়তো ঢাকা-৯-এর জনগণকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করা হচ্ছে।
জারা লেখেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯-এর জনগণই আমার একমাত্র দল। স্বীকার করতেই হবে, ঢাকা-৯-এর মানুষদের সঙ্গে রিয়াল মাদ্রিদের তুলনা করা সত্যিই অনেক বড় সম্মানের বিষয়।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জারার পোস্টটি প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে এনসিপির প্রতি তাঁর পরোক্ষ সমালোচনা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, ফুটবল ও রাজনীতির উপমা ব্যবহার করে তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।
প্রসঙ্গত, ইউরোপীয় ক্লাব ফুটবলে সাম্প্রতিক সময়ে পিএসজির সাফল্য এবং সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যেই ফুটবলীয় এই উপমা ব্যবহার করে রাজনৈতিক মন্তব্য করেছেন তাসনিম জারা।