নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের বেতন-ভাতা তাদের সহায়তায় দেওয়ার পাশাপাশি বসতঘর পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্য সহায়তার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
ভিডিও বার্তায় তিনি বলেন, তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের তিন প্রতিবন্ধী ভাই—রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য সংসদ সদস্য হিসেবে পাওয়া নিজের এক মাসের বেতন-ভাতা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাদের বসতবাড়ি পুনর্নির্মাণ ও নিয়মিত খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রতিবন্ধী তিন ভাইয়ের মানবেতর জীবনযাপনের সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, “সাংবাদিক সমাজের দর্পণ। গণমাধ্যমের সংবাদ ও ভিডিওচিত্রের মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।”
জামায়াতের এই নেতা বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাধীনতার দীর্ঘ সময় পরও দেশের অনেক মানুষ এসব অধিকার থেকে বঞ্চিত রয়েছে।
ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সব নাগরিককে সমানভাবে বিবেচনা করে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাও ইসলামের নির্দেশনার অংশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন দাস, সাধু দাস ও নিধু দাস দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করে আসছেন। তাদের বসতঘর ছিল জরাজীর্ণ এবং নিয়মিত খাবারের ব্যবস্থাও ছিল অনিশ্চিত।
সম্প্রতি তাদের করুণ জীবনসংগ্রামের চিত্র গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই তাদের সহায়তায় এগিয়ে আসেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
স্থানীয়দের মতে, অসহায় এই পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সংসদ সদস্য। তারা আশা করছেন, ভবিষ্যতেও পরিবারটির জন্য দীর্ঘমেয়াদি সহায়তা অব্যাহত থাকবে।