স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে তামাকজাত পণ্য সিগারেটের ওপর নতুন কোনো শুল্ক বা কর আরোপ করা হচ্ছে না। ফলে আগামী বছর এই পণ্যের খুচরা মূল্য বাড়ছে না বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
সংসদ অধিবেশনে রাশেদা বেগম হীরা তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বাড়ানোর প্রস্তাব এনে জানতে চেয়েছিলেন– তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সিগারেটের খুচরা মূল্যের ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকার প্যাকেটের দাম আরও বৃদ্ধির লক্ষ্যে অতিরিক্ত সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট কর আরোপের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা।
উত্তরে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, রাজস্ব নীতি অনুযায়ী সিগারেট খাতে করের হার এবং মূল্যস্তর বিগত বছরের মতোই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন অর্থবছরেও সিগারেটের বাজারমূল্য অপরিবর্তিতই থাকবে।