আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগের অংশ হিসেবে গুগলের পরিবর্তে ফরাসি সার্চ ইঞ্জিন কওয়ান্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একই দিনে ইউরোপীয় কমিশন চিপ উৎপাদন, ক্লাউড কম্পিউটিং সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করার কথা রয়েছে। এসব উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের ‘বাই অ্যান্ড ইউজ ইউরোপিয়ান’ কৌশলের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের এক মুখপাত্র ইমেইলে জানান, ২০২৬ সালের ৪ জুন থেকে পার্লামেন্টে ব্যবহৃত মাইক্রোসফট এজ ও মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে কওয়ান্ট চালু করা হবে।

তিনি বলেন, এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কোনো সার্চ ইঞ্জিনও নির্বাচন করতে পারবেন। মুখপাত্রের ভাষ্য, ইউরোপীয় ইউনিয়নের বাইরে তৈরি ডিজিটাল সেবার ওপর নির্ভরতা কমানো এবং ইউরোপভিত্তিক গোপনীয়তাকেন্দ্রিক প্রযুক্তি ও সেবাগুলোর ব্যবহার উৎসাহিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

ইউরোপীয় পার্লামেন্টে বর্তমানে ৭২০ জন আইনপ্রণেতার পাশাপাশি কয়েক হাজার সহকারী, উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তা কাজ করেন। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটির দৈনন্দিন ডিজিটাল ব্যবহারে ইউরোপীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু একটি সার্চ ইঞ্জিন পরিবর্তনের সিদ্ধান্ত নয়; বরং প্রযুক্তি খাতে ইউরোপের কৌশলগত স্বনির্ভরতা অর্জনের বৃহত্তর প্রচেষ্টার প্রতিফলন। বিশেষ করে তথ্য সুরক্ষা, ডিজিটাল সার্বভৌমত্ব এবং স্থানীয় প্রযুক্তি খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।