স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
গাজীপুরের পূবাইল এলাকায় অবস্থিত অটো গ্রিন অয়েল কোম্পানিতে বয়লার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (২০ জুন ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটের দিকে কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এ ঘটনায় কারখানার শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে যান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, একই কারখানায় অতীতেও বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যা নিয়ে নতুন করে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।