স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত মান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাসের হার বাড়ানোর প্রতিযোগিতায় শিক্ষার গুণগত মানকে উপেক্ষা করা হয়েছে, ফলে মেধার যথাযথ মূল্যায়ন হয়নি।
শনিবার (২০ জুন) সকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পাসের হার বাড়ানোর জন্য আওয়ামী লীগ সরকারের কাছে ফেল যেন অপ্রয়োজনীয় একটি শব্দে পরিণত হয়েছিল। গড় হারে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার কারণে শিক্ষা ব্যবস্থার মান ধীরে ধীরে অবনতি ঘটে। এর ফলে বিদেশে বাংলাদেশের শিক্ষার্থীদের সনদের গ্রহণযোগ্যতাও অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গত বছর শিক্ষা ব্যবস্থায় বাস্তবতার প্রতিফলন দেখা গেছে। পাসের হার কিছুটা কমলেও শিক্ষার মান ও মূল্যায়ন প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। শিক্ষা এমন হতে হবে যা মানুষের কল্যাণে কাজে লাগে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, বর্তমান সময়ে নারীদের শিক্ষা ও নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য।
এসময় কলেজটিকে সরকারি করার দাবি জানান শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও দেশগঠনের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।