রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মুখোশধারী তিন থেকে চারজন ব্যক্তি শম্ভু বিকাশ চাকমা (৪৮) নামে এক কৃষককে তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার তিন দিন পর হাতবাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িঘাট এলাকার রউফ টিলার পাশে চেঙ্গী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শম্ভু বিকাশ চাকমার বাড়ি নানিয়ারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোজরপাড়ায়। তিনি মৃত জামিনি মোহন চাকমার ছেলে।


নানিয়ারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রূপক চাকমা প্রথম আলোকে জানান, সোমবার রাত ১২টার দিকে মুখোশ পরা তিন থেকে চারজন ব্যক্তি শম্ভু বিকাশ চাকমাকে তার বাড়ি থেকে জোরপূর্বক নিয়ে যায়। ওই রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে থানা থেকে ফোন করে লাশ উদ্ধারের বিষয়টি তাদের জানানো হয়েছে।