চবি প্রতিনিধি। ক্রাইম ক্রনিকল 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পৃথক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন দুই সংগঠনের নেতাকর্মীরা।


রোববার (১৪ জুন) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় উভয় সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি পালন করে।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয়।


মিছিলে বক্তব্য দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, “১৯৭১ সালে এরা ধর্ষকের ভূমিকায় ছিল, এখনো একই ভূমিকা পালন করছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমরা সহাবস্থান চাই, তবে কোনো ধর্ষককে মেনে নেব না। আগের দিন নেই, এখন জুলাই-পরবর্তী বাংলাদেশ।”


অন্যদিকে, জাতীয় সংসদে হিজাব নিয়ে মন্তব্য করার অভিযোগে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রশিবির। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি ইব্রাহীম হোসেন রনি।


তিনি বলেন, “জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন এমপির হিজাব নিয়ে দেওয়া বক্তব্য অত্যন্ত দুঃখজনক। এ ধরনের মন্তব্য একজন ইউপি সদস্যের কাছ থেকেও প্রত্যাশিত নয়।”


একই সময়ে একই স্থানে দুই সংগঠনের কর্মসূচি ঘিরে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তে দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।