স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল 


আফ্রিকান ফুটবলের অন্যতম সফল দল মিসর। আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ইতিহাসে সর্বোচ্চ সাতবার শিরোপা জয়ের গৌরব রয়েছে দেশটির। সেই অর্জনের স্মারক হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করে আসছিল মিসর ফুটবল দল।


তবে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে জার্সি থেকে ওই সাতটি তারকা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


ইএফএর পক্ষ থেকে জানানো হয়, ফিফা তাদের কাছে পাঠানো এক চিঠিতে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জার্সিতে মহাদেশীয় প্রতিযোগিতার সাফল্য নির্দেশকারী তারকা ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে। ফিফার নীতিমালা অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে শুধুমাত্র ফিফা বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই তারকা যুক্ত করা যাবে।


মিসরের জার্সিতে থাকা সাতটি তারকা আফ্রিকা কাপ অব নেশনসে দলটির সাতটি শিরোপার প্রতীক। তবে বিশ্বকাপের মূল আসরে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য না থাকায় সেই তারকাগুলো বিশ্বকাপে ব্যবহারের অনুমতি পাচ্ছে না দেশটি।


জার্সি নিয়ে ফিফা আরও একটি পরিবর্তনের পরামর্শ দিয়েছে। মিসরের বিশ্বকাপ জার্সিতে খেলোয়াড়দের নম্বর সোনালি রঙে লেখা থাকলেও দৃশ্যমানতার স্বার্থে তা সাদা রঙে পরিবর্তনের সুপারিশ করেছে সংস্থাটি। ফিফার মতে, মাঠের আলো ও সম্প্রচারের সময় সোনালি রঙের নম্বর দূর থেকে স্পষ্টভাবে দেখা যায় না।


ফিফার জার্সি-সংক্রান্ত বিধিনিষেধের মুখে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে জার্সিতে রাজনৈতিক বার্তা থাকার অভিযোগে অন্য কয়েকটি দলকেও নকশায় পরিবর্তন আনতে হয়েছিল।


ফলে আফ্রিকার সবচেয়ে সফল দল হিসেবে সাতটি শিরোপার গৌরব থাকলেও, বিশ্বকাপের মঞ্চে এবার তারকাবিহীন জার্সিতেই মাঠে নামবে মিসরের ‘ফারাও’রা।