স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (৩ জুন) খবর পেয়ে পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, রোড নং-১০ এর ১২ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।
পরিদর্শক এমদাদুল হক আরও জানান, নিহত সেলিনা আফরোজ ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। গত ২৬ মে বিকাল ৩টার দিকে তাঁর বোন আয়েশা রহমানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং পরবর্তীতে পুলিশে খবর দিলে বুধবার গিয়ে লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে পল্লবী থানা পুলিশ।