স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
সাবেক আইজিপি -এর গ্রেপ্তার সরকারের কৃতিত্ব নয়, এটি ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, বেনজীর আহমদের বিরুদ্ধে রেড নোটিশ জারি বর্তমান সরকার করেনি। তার মতে, এ গ্রেপ্তার আন্তর্জাতিক পুলিশ সংস্থা -এর সহযোগিতার ফল। তবে তিনি এটিকে বাংলাদেশের একটি অর্জন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বেনজীর আহমদ দুবাইয়ের কারাগারে থাকবেন নাকি দেশে ফিরিয়ে আনা হবে—এ বিষয়টি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, দুবাইয়ে ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে এ পদক্ষেপ নেওয়া হয় এবং বিষয়টি ১২ জুন বাংলাদেশকে জানানো হয়।
এর আগে আদালতের নির্দেশে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেনজীর আহমদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ডিসেম্বর মাসে বেনজীর আহমদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়, যার পরিমাণ প্রায় ৭৪ কোটি টাকার বেশি।
বেনজীর আহমদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাবের মহাপরিচালক ছিলেন।