অর্থনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১ দশমিক ০০০৫ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণ পাওয়ার পর এই বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী হিসাব করলে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রিজার্ভের এই অবস্থান দেশের বহিঃখাতের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সক্ষমতার ইতিবাচক ইঙ্গিত বহন করে।
বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালের জুন থেকে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাব প্রকাশ করে আসছে। তখন রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, দেশের ইতিহাসে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে, যখন তা ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে। পরবর্তী সময়ে আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে রিজার্ভ কমে আসে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে রিজার্ভে যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তা অর্থনীতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ।