স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠায় জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।


শনিবার (১৩ জুন) রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।


পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল বিবেচনায় প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান।


ভুক্তভোগী শিশু ও তার পরিবারের অভিযোগ অনুযায়ী, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে ওই তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। ওই সুবাদে শিশুটিরও কেন্দ্রে যাতায়াত ছিল।


অভিযোগে বলা হয়, পুলিশ পরিদর্শক খোরশেদ আলম দায়িত্ব গ্রহণের পর থেকে শিশুটিকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নিতেন এবং ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ছাড়া ঘটনা কাউকে জানালে হুমকি ও টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে বলে পরিবারের দাবি। নিরাপত্তার আশঙ্কায় এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।


স্থানীয় বাসিন্দা হিমেল জানান, এ ঘটনায় হাতিয়া ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবির পাশাপাশি অভিযুক্ত দোষী প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।