ম্যাচের অধিকাংশ সময় আক্রমণাত্মক ফুটবল খেলেছে সুইজারল্যান্ড। বলের দখল, সুযোগ সৃষ্টি এবং আক্রমণের ধার—সবকিছুতেই এগিয়ে ছিল ইউরোপের দলটি। জয়ের খুব কাছেও পৌঁছে গিয়েছিল তারা। তবে ফুটবলের সৌন্দর্যই হয়তো এখানেই। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের শেষ দিকে এক গোলেই বদলে গেল পুরো গল্প।
শনিবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে ৬৭ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে কাতার ও সুইজারল্যান্ড ১-১ গোলে ড্র করেছে। শেষ মুহূর্তের নাটকীয়তায় মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় মধ্যপ্রাচ্যের দেশটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণে কাতারের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। প্রথমার্ধে সেই চাপেরই ফল পায় সুইসরা।
৩৭তম মিনিটে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপিয়ান দলটি।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময় নিজেদের কাছেই রাখে সুইজারল্যান্ড। ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি করেছিল তারা। তবে গোলের দেখা না পাওয়ায় ম্যাচে টিকে থাকার সুযোগ পায় কাতার।
সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে ফেরার চেষ্টা বাড়ায় এশিয়ার প্রতিনিধিরা। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে সমতা ফেরাতে পারেনি তারা। ফলে মনে হচ্ছিল, জয় নিয়েই মাঠ ছাড়বে সুইজারল্যান্ড।
তবে যোগ করা ছয় মিনিটের পঞ্চম মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। বক্সের ভেতরে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন বুয়ালাম খোখি। তার গোলে উল্লাসে ফেটে পড়ে কাতারের সমর্থকেরা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্র কাতারের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপের ইতিহাসে এটি তাদের প্রথম পয়েন্ট। ২০২২ সালে স্বাগতিক দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে তিনটি ম্যাচই হেরেছিল কাতার। সেই আসরে তারা মাত্র একটি গোল করতে সক্ষম হয়েছিল।
অন্যদিকে এবারের আসরে সুইজারল্যান্ডের বিপক্ষে পাওয়া গোলটি বিশ্বকাপে কাতারের দ্বিতীয় গোল। আর সেই গোলই এনে দিল বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট।
সুইজারল্যান্ডের জন্য অবশ্য ফলাফলটি হতাশার। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও শেষ মুহূর্তের এক ভুলে হাতছাড়া হয়েছে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট। অন্যদিকে কাতারের জন্য এই ড্র জয়ের সমান, যা তাদের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় ফল হিসেবে জায়গা করে নেবে।