স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল 


উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।


বিশ্বকাপের সাম্প্রতিক আসরগুলোতে ধারাবাহিক উন্নতির মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে মরক্কো। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া দলটি এবারও এসেছে বড় স্বপ্ন নিয়ে। শক্তিশালী রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলগত ফুটবলের কারণে মরক্কোকে এই গ্রুপের অন্যতম কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


অন্যদিকে নতুন কোচ কার্লো আনচেলোত্তির অধীনে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। আক্রমণে ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া ও ইগর থিয়াগোকে নিয়ে সাজানো হয়েছে সেলেসাওদের আক্রমণভাগ। মাঝমাঠে কাসেমিরো, ব্রুনো গিমারেস ও লুকাস পাকেতার ওপর থাকছে খেলার নিয়ন্ত্রণের দায়িত্ব।


মরক্কোর শক্তি মূলত তাদের সংগঠিত রক্ষণভাগ ও দ্রুতগতির উইং আক্রমণে। আফ্রিকান দলটি জানে, ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সুযোগ কমই আসবে। তাই প্রতি সুযোগকে কাজে লাগানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে তারা।


বিশ্বকাপে ‘হেক্সা’ বা ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে খেলতে আসা ব্রাজিলের জন্য এই ম্যাচটি শুধু তিন পয়েন্টের লড়াই নয়, বরং শিরোপা জয়ের পথে নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় পরীক্ষা। অন্যদিকে মরক্কো চাইবে বিশ্বমঞ্চে আবারও কোনো ফুটবল পরাশক্তিকে হতাশ করে নিজেদের সামর্থ্যের জানান দিতে।


ব্রাজিলের একাদশ: আলিসন বেকার, আইবানেজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিউস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।


মরক্কোর একাদশ: ইয়াসিন বুনু, আশরাফ হাকিমি, নায়েফ আগুয়ের্দ, রোমাঁ সাইস, নুসাইর মাজরাউই, সোফিয়ান আমরাবাত, আজেদিন উনাহি, বিলাল এল খান্নুস, হাকিম জিয়েচ, সোফিয়ান বউফাল ও ইউসুফ এন-নেসিরি।


বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর এই লড়াইয়ে জয় দিয়ে আসর শুরু করার লক্ষ্য দুই দলেরই। ফলে মেটলাইফ স্টেডিয়ামে দর্শকরা উপভোগ করতে পারেন টানটান উত্তেজনার একটি ম্যাচ।