স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল


অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


শনিবার (১৩ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ অর্জনের জন্য জাতীয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রতিমন্ত্রী।


দীর্ঘ ১৬ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর পর ওয়ানডে ক্রিকেটে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়।


দ্বিতীয় ম্যাচেও দারুণ ছন্দ ধরে রাখে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।


এই জয়ের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের প্রায় সব শীর্ষ দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ। এখন পর্যন্ত কেবল ইংল্যান্ডের বিপক্ষেই কোনো ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজ জিততে পারেনি টাইগাররা।


সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল। সেই ম্যাচে জয় পেলে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার বিরল কৃতিত্বও অর্জন করবে বাংলাদেশ।


ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। আগামী ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।