নোয়াখালী প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল
নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এর আগে শুক্রবার বিকেলে নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে ছাত্রদল একটি বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশে একটি দোকানে বসে থাকতে দেখেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে।
এরপর মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার খবর প্রচার হলে স্থানীয় আওয়ামী লীগ ও সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঘটনায় নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ ছাত্রদল ও যুবদলের অন্তত ছয়জন আহত হন। পরে রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল দাবি করেন, তাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।