স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা থাকলেও ভারতের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আপাতত অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না নেপাল। ফলে সোমবার (১৫ জুন) থেকে আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে দেশটি।


নেপালের জ্বালানি খাতসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা-সংক্রান্ত সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির অনুমোদন এখনো মেলেনি।


এর আগে বাংলাদেশে বিদ্যমান ৪০ মেগাওয়াটের পাশাপাশি আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। সে অনুযায়ী নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ভারতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানায়। তবে ভারতীয় পক্ষ জানায়, বর্তমানে ব্যবহৃত সঞ্চালন লাইনে অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনের পর্যাপ্ত সক্ষমতা নেই।


নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির জন্য নতুন বা সংশোধিত ত্রিপক্ষীয় চুক্তি, নেপাল-ভারত যৌথ পরিচালনা কমিটির সিদ্ধান্ত এবং ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমোদনসহ বেশ কয়েকটি ধাপ এখনো বাকি রয়েছে।


বর্তমানে নেপাল থেকে বাংলাদেশে যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে, তা ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত। অতিরিক্ত ২০ মেগাওয়াট সরবরাহের ক্ষেত্রেও একই উৎস ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, তবে এর জন্য পৃথক অনুমোদন প্রয়োজন হবে।


কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশে নেপালের মোট বিদ্যুৎ রপ্তানি ৬০ মেগাওয়াটে উন্নীত হবে। তবে কবে নাগাদ সেই অনুমোদন মিলবে, তা এখনো নিশ্চিত নয়।


নেপাল বর্তমানে বাংলাদেশের কাছে প্রতি ইউনিট বিদ্যুৎ ৬ দশমিক ৪০ মার্কিন সেন্ট দরে বিক্রি করছে। অতিরিক্ত বিদ্যুতের ক্ষেত্রেও একই মূল্য বহাল থাকার কথা রয়েছে।