আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল
ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে লেবাননে নতুন করে হামলা চালানো হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছে তেহরান।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমান সামরিক অভিযান সমাপ্ত হলেও পরিস্থিতির অবনতি ঘটলে দেশটির সশস্ত্র বাহিনী নতুন পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
এর আগে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তেহরানের দাবি, এসব হামলা ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং লেবাননের পরিস্থিতির প্রতিক্রিয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে পাল্টা আঘাত হানে। রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছিল, তাদের ক্ষেপণাস্ত্র হামলা বৃহত্তর সামরিক প্রতিক্রিয়ার সূচনা মাত্র। তবে সর্বশেষ অবস্থানে ইরান বলছে, নতুন কোনো হামলা না হলে বর্তমান অভিযান আর সম্প্রসারিত করা হবে না।
এদিকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি ইরান ও ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করে উত্তেজনা প্রশমনের পথে এগোনোর আহ্বান জানান।