স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে জানানো হয়, ডান পায়ের পেশিতে চোট পাওয়ায় তিনি বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারবেন না। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তাকে অনুপযুক্ত ঘোষণা করেন।
লিওনার্দো বালের্দি গত সপ্তাহে ২৬ সদস্যের আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছিলেন। ফরাসি ক্লাব অলিম্পিক দে মার্সেইয়ের হয়ে নিয়মিত পারফরম্যান্সের কারণে তিনি দলে অন্তর্ভুক্ত হন। চলতি মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, “ডিফেন্ডার লিওনার্দো বালের্দি ডান পায়ের পেশির চোটে আক্রান্ত হয়েছেন এবং বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারবেন না।” বিবৃতিতে আরও বলা হয়, “শক্ত থাকো, দ্রুত সুস্থ হয়ে ওঠো।”
এখনও তার বিকল্প খেলোয়াড় ঘোষণা করেনি আর্জেন্টিনা। এর আগে শনিবার হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।