স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া সম্প্রচারস্বত্ব’ কেনার জন্য বিটিভির প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার (৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাবও অনুমোদন পায়।
সভায় জানানো হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ কিনতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন থেকে সরাসরি এ স্বত্ব কেনা হবে।
এই অনুমোদনের ফলে বিটিভি বিশ্বকাপের ম্যাচ ও সংশ্লিষ্ট কনটেন্ট বিভিন্ন মাধ্যমে সম্প্রচারের সুযোগ পাবে।