অপরাধ ডেস্ক | ক্রাইম ক্রনিকল

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা এলাকায় এক তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তরুণীর মুখের বেশির ভাগ অংশ ও বুকের কিছু অংশ ঝলসে গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ তরুণীর নাম রুবিনা আক্তার (২৫)। তিনি সদর উপজেলার দক্ষিণ বহুলা গ্রামের বাসিন্দা।

স্বজনদের অভিযোগ, কয়েক বছর আগে একই উপজেলার আনন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়ার সঙ্গে রুবিনার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর রুবিনা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তবে তালাকের পরও উজ্জ্বল তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে উজ্জ্বল রুবিনার মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, প্রাথমিক পরীক্ষায় রুবিনার মুখের অধিকাংশ অংশ এবং বুকের কিছু অংশসহ শরীরের প্রায় ৯ শতাংশ দগ্ধ হওয়ার প্রমাণ পাওয়া গেছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।