স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় নিষিদ্ধ তিন চাকার যান আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে থানার একটি নিয়মিত টহল দল মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিমসার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার (সিএনজি ও ইজিবাইক) আটক করে।


ক্ষুব্ধ হয়ে ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলাকারীরা হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে পিটিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।


ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৩-৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।


হামলার খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং প্রায় ১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, সরকারি দায়িত্ব পালনকালে অবৈধ থ্রি-হুইলার আটকের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


অপরদিকে, অটোরিকশাচালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশের সদস্যরা প্রথমে একজন অটোরিকশাচালককে মারধর করেন এবং গাড়ির সামনের গ্লাস ভেঙে দেন। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেন।


বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনার ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং যাঁরা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছেন, তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে।